‘তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড- জেগে উঠো তরুণেরা, পরিবর্তনের মশাল ধরো’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সীতাকুণ্ডের মুনস্টার কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল করিম। তিনি বলেন, সীতাকুণ্ডের ভবিষ্যৎ নির্ভর করছে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর। যে তরুণ বই, চিন্তা ও নৈতিকতায় সমৃদ্ধ, সেই পারে সমাজকে এগিয়ে নেওয়ার পথ দেখাতে। তিনি শিক্ষার পাশাপাশি চরিত্র ও মানবিকতার ভিত্তি মজবুত করার আহ্বান জানান।
প্রধান প্রেরণাদায়ী অতিথি চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সীতাকুণ্ডকে বদলাতে হলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়কে না বলতে হবে। তরুণদের নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা, চিকিৎসা সুবিধা এবং সুস্থ সংস্কৃতিচর্চা নিশ্চিত করাই আমার প্রতিশ্রুতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিম রনি, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক জয়নাল আবেদীন দুলাল, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের সিনিয়র সহ-সভাপতি লায়ন গাজী মোঃ সুজাউদ্দিন ও সাবেক ছাত্রনেতা এম আর চৌধুরী মিল্টন প্রমুখ।
বক্তারা তরুণদের নৈতিক উন্নয়ন, আধুনিক শিক্ষা, অনলাইন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিশ্চিত করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিউচার লিডার ফাউন্ডেশনের সভাপতি কাজী সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু।