,

 

সীতাকুণ্ডে মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে ছিল ইয়াবা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 25 July 2026, 11:32

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক কারবারিদের ধাওয়ার মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে পড়ে হাজার হাজার পিস ইয়াবা। প্রকাশ্য দিবালোকে মহাসড়কে ইয়াবা ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় জনতা ও পথচারীদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় উৎসুক জনতা ও চালকদের অনেকে রাস্তা থেকে ইয়াবা কুড়িয়ে নেন এবং বেশ কিছু ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হয়।

শুক্রবার (২৪ জুলাই) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। এর বেশির ভাগই ভাঙাচোরা অবস্থায় ছিল। এগুলোর পরিমাণ সর্বোচ্চ তিন হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে এবং কী কারণে সেগুলো সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ইয়াবাগুলো কে বা কারা ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পুলিশি তৎপরতার আশঙ্কায় সেগুলো ফেলে যেতে পারে। আবার চলন্ত কোনো যানবাহন থেকে পড়ে যাওয়ার ঘটনাও হতে পারে। তবে ইয়াবার পরিমাণ কত হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিও