,

 

কর্ণফুলীর মোহনায় আটকে গেলো জাহাজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 August 2026, 07:11

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কনটেইনারবাহী একটি জাহাজ আটকে গেছে। সোমবার (৩ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে জাহাজটি বন্দর জেটিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে এতে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটকে যাওয়া জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে ১ হাজার ২৮২টি কনটেইনার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়।

জাহাজটি উদ্ধারে বর্তমানে কার্যক্রম চলছে। এ জন্য কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামের দুটি টাগবোট ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক আছে এবং অন্য কোনো জাহাজের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

ভিডিও