রাঙামাটি জেলার লংগদু এলাকায় আগুনে তিনটি ফার্নিচার কারখানা ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ( ০৩ আগষ্ট) সকালে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, আমাদের সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট পরিশ্রম করেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা সহযোগিতার করেছে। যেকোন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে।
এসময় তিনি লংগদু জোনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পূর্বতারা/ইউডি/এমইউবি