চট্টগ্রামের সীতাকুণ্ডের চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান (৪০) গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১টার দিকে সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে।
জানা গেছে, নিহত ইরান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাঁর বিরুদ্ধে শামীম ও নাইম নামের দুই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম (৩০) নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন চালায় ইরানের সন্ত্রাসী বাহিনী। গত শুক্রবার ২৪ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাইম মারা যান।
শনিবার নাইমের জানাজা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের ওপর চড়াও হন। প্রথমে ইরানকে না পেয়ে তার এক সহযোগীকে গণপিটুনি দেওয়া হয়। পরবর্তীতে একটি ঘরে ইরান আত্মগোপনে আছেন খবর পেয়ে জনতা তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত ইরানের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তাছাড়া তিনি দুটি পৃথক হত্যা মামলার আসামি ছিলেন। ইতিপূর্বেও তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি। শনিবার গণপিটুনিতে মারা যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় ইরানের এক সহযোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শামীমকে (৪০) শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই চাঞ্চল্যকর হত্যা মামলারও প্রধান আসামি ছিলেন এই ইরান।
পূর্বতারা/ইউডি