বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ১১টায় চট্টগ্রামের ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টির সুবাদে ব্রাজিল দল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।
চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা এই প্রীতিম্যাচে অংশ নেন।
ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগলুল হোসেন নয়ন। খেলা শুরুর আগে এবং শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং নিজ নিজ দলের আসন্ন বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে ব্রাজিলের গোলবারে অন্তত আটটি সরাসরি শট নিলেও তারা গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে বিতর্কিত একটি পেনাল্টি পেয়ে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার আগে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে ব্রাজিল।
ম্যাচ-পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে জগলুল হোসেন নয়ন বলেন, খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীরা পেশাগত ব্যস্ততার কারণে খেলাধুলার মতো চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ খুব কম পান। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বড় উৎসব। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের এই প্রীতিম্যাচ শুধু বিনোদনই নয়, সহকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতারও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড় ও টিম প্রতিনিধিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।