চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি-৯-৫২৬) চট্টগ্রামে পৌঁছানোর পর ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল ভারতীয় নাগরিক থামিম আনসারিকে শনাক্ত করে। পরে তাকে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর মোট ওজন ৪৫৫ গ্রাম। প্যাকিং সামগ্রী পৃথক করার পর প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিআইআইডি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।