,

 

জুলাইয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬৪ শতাংশের বেশি, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 1 August 2026, 11:07

চট্টগ্রামে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন। যা চলতি বছরের এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর ৬৪ শতাংশের বেশি। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও সাতজন শিশু রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩৪ জন। তাদের মধ্যে ৪৮০ জন পুরুষ, ২১৬ জন নারী এবং ১৩৮ জন শিশু।

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে একজন পুরুষ এবং জুলাই মাসে দুই নারী মারা গেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৌসুম অনুযায়ী বর্তমানে ডেঙ্গুর বংশবিস্তারের সময় চলছে। এ কারণে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ভিডিও