,

 

সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া সব পর্যটক, পানিবন্দী হাজারো মানুষ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : 10 July 2026, 12:08

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের মধ্যে রাঙামাটির সাজেকে আটকে পড়া সব পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন। তবে বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৩০টি গ্রামের হাজারো মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রায় চার হাজার মানুষ।

শুক্রবার (১০ জুলাই) সকালে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও হোটেল থেকে ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় বেরিয়ে যান। এর আগের দিন বৃহস্পতিবার আরও ১৫০ জন পর্যটক সাজেক ত্যাগ করেন।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, দুই দিনে মোট ৪৬১ জন পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন।

এদিকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা জানান, দুর্গত মানুষের জন্য ১৬টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষের মাঝে রান্না করা খাবার, চাল, ডাল, চিড়া, চিনি ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

অন্যদিকে, রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় মাটি সরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের দুটি পিলার হেলে পড়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুরো রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ছিল। রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, টানা বর্ষণে জেলায় এখন পর্যন্ত ১০৪টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বর্তমানে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে চার হাজার মানুষ অবস্থান করছেন।

ভিডিও