হাটহাজারীর মেখল ইউনিয়নে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল আজম ওরফে আজিম (৩৯)নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার ১০ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আজম ওরফে আজিম মেখল ইউনিয়ন খলিফাপাড়ার মৃত ইসলামের ছেলে। পেশায় তিনি দর্জির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজম তার ছোট মেয়েকে নিয়ে বাড়ির পাশে হিন্দু বাড়ির সামনের জমিতে মাছ ধরতে যান। এসময় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের ২/৩ জনের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আজমকে ধাওয়া দিয়ে হিন্দু বাড়ির পেছনে নিয়ে যায়। তারপর সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, যারা আমার স্বামীকে খুন করেছে তাদের নামে আগেও থানায় অভিযোগ দিয়েছিলাম। তারা দীর্ঘদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছিল। এখন আমি ৪ জনের নামে থানায় হত্যা মামলা করব।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব।জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি মাছ ধরার ঘটনা নয়। জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
পূর্বতারা/ইউডি/এএইচ