বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল।
চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
এদিকে চট্টগ্রামের সব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবার অনুষ্ঠেয় আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে।
পূর্বতারা/ইউডি