সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ ক্ষতিগ্রস্ত উপজেলার মানুষের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা নিয়ে কাজ চলছে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন। তাঁদের পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি তুলে ধরা হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত দাঁড়ানো যায়।
তিনি বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দেওয়া প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মাহবুবের রহমান শামীম বলেন, দুর্নীতির ক্ষেত্রে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই। সবাইকে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরফাত, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস. এম. খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আনিছ উদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার, সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।