‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আবারও রাজপথে নামছেন সংশ্লিষ্ট তিন ইউনিয়নের বাসিন্দারা। আগামী রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেয় ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটি’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক একরামুল হক।
তিনি অভিযোগ করে বলেন, “নিয়ম অনুযায়ী নবগঠিত উপজেলার সদর দপ্তর ভৌগোলিক কেন্দ্রবিন্দু ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধাজনক স্থানে হওয়ার কথা। কিন্তু প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) প্রকাশিত গেজেটে গণশুনানীর রিপোর্ট উপেক্ষা করে সদর দপ্তর করা হয়েছে পুরোনো ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায়।”
তিনি আরও বলেন, ভূজপুর থানা কার্যালয়-সংলগ্ন স্থানে সদর দপ্তর হলে উপজেলার উত্তর অংশের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি বিন্দুমাত্র কমবে না। আমাদের স্পষ্ট দাবি—দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী যেকোনো যৌক্তিক স্থানে নতুন উপজেলার প্রশাসনিক কেন্দ্র স্থাপন করতে হবে।
বাস্তবায়ন কমিটির নেতারা জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ আগামী রোববার থেকে এই ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করবেন। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ সরবরাহ ও অন্যান্য জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ১ জুলাই অনুষ্ঠিত ‘নিকার’ সভায় চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। যার সদর দপ্তর নির্ধারণ করা হয় ভূজপুর থানা কার্যালয়-সংলগ্ন এলাকাকে। তবে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের দাবি, প্রস্তাবিত স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে উপজেলা দপ্তর স্থাপন করতে হবে, যাতে অঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ সহজেই প্রশাসনিক সেবা পেতে পারেন।
এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট তিনটি ইউনিয়নে দিনব্যাপী পূর্ণাঙ্গ হরতাল পালিত হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক ও ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, ফটিকছড়ি উত্তর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ বি এম সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্বতারা/ইউডি/এফকে