অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ফুলেল ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানার বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, লাড্ডুসহ বিভিন্ন মিষ্টান্নে অস্বাভাবিক দীর্ঘ মেয়াদ নির্ধারণ এবং উচ্চমাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ রয়েছে।
উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।