নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে মেয়রের পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন,
চসিক নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন মেয়র শাহাদাত হোসেন। নগরের শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
মেয়র পদে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে জানিয়ে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, তিনি জোর করে মেয়র পদে বসেননি। আদালতের আদেশে তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন। আদালত তাকে পাঁচ বছরের জন্য, অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত মেয়র হিসেবে বৈধতা দিয়েছেন। তাই আদালতের এ আদেশের বিরুদ্ধে কারও অভিযোগ বা আপত্তি থাকলে পুনরায় আদালতের কাছে যেতে পারেন।
নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়েছেন বলে জানান মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি বৈধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন চান তিনি। আর নির্বাচন হওয়া দরকার, যাতে সাংবিধানিক অধিকার হিসেবে যেন সবাই নির্বাচনে অংশ নিতে পারেন এবং জনগণ তাদের পছন্দমতো ভোট দিতে পারেন।
প্রসঙ্গত, সর্বশেষ চসিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট চট্টগ্রামসহ ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা বাতিল এবং মামলার বাদী শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। ওই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।