চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামের এক উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে গিয়ে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।
থানা সূত্রে জানা যায়, মো. আজিজুল হকের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে। তার চাকরির বয়স প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে রয়েছে।
আজিজুল হকের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে আজিজুল হকের মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চারদিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ পুলিশ লাইনে নেওয়া হবে।