সাজেকে প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা সুমন্তি চাকমা (৩০) নামে এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার গর্ভে থাকা সন্তানও মারা গেছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তি চাকমা সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। শনিবার সকালে সন্তান প্রসবের জন্য তাকে সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা জানান, চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার গর্ভের সন্তানও মারা যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।