টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুষ্ক খাবার বিতরণ শুরু হয়েছে।
এ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন (বকুল), জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল আলমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন (বকুল) বলেন, “জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া শুষ্ক খাবার আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আরও যেসব পরিবার কষ্টে আছেন, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সেগুলোও বিতরণ করা হবে।”
ক্ষতিগ্রস্তরা দ্রুত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্বতারা/ইউডি/আইএইচএম