টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রথমে বাঁশখালীর পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে চূড়ামনি হয়ে সাতকানিয়ায় প্রবেশ করে কেরানিহাট-বাঁশখালী সড়কসংলগ্ন বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে জলমগ্ন এলাকায় আটকে থাকা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
পরিদর্শনকালে তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। সাতকানিয়ার সহস্রাধিক পরিবারের লক্ষাধিক মানুষ এখনও বন্যার দুর্ভোগে রয়েছেন।