বান্দরবানের থানচিতে দেশিয় বন্দুক ও কার্তুজসহ জৌথান বম (৫৫) নামে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরপা পাড়া এলাকার বাসিন্দা লাল পিয়াম বমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুন দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) এক যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। অভিযানের একপর্যায়ে বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে শেরকর পাড়া থেকে আটক করা হয়। পরে শনিবার সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
থানচি থানার ওসি কানন সরকার বলেন, সেনাবাহিনী দেশিয় অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।