বাইবেল অনুযায়ী শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর পবিত্র বিশ্রামদিন। তাই খ্রিস্টান ধর্মাবলম্বীরা আগের দিন শুক্রবার সূর্যাস্ত থেকে পরদিন শনিবার সূর্যাস্ত পর্যন্ত জাগতিক কোনো কাজকর্ম থেকে বিরত থাকেন। আর এমন ধর্মীয় নিয়মের কলে পড়ে বিপাকে পড়েছেন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী ১৬০ জন এইচএসসি পরীক্ষার্থী। এর মধ্যে চট্টগ্রামেও রয়েছেন দুই পরীক্ষার্থী।
এবার শনিবারও এইচএসসি পরীক্ষার দিন ধার্য থাকায় তারা দিনের বেলায় পরীক্ষায় অংশগ্রহণ করছেন না। এই দুই পরীক্ষার্থী সূর্যাস্তের পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
শিক্ষাবোর্ডের শর্ত অনুযায়ী, প্রায় ৯ ঘণ্টা একটি কক্ষে বন্দি থেকে সূর্যাস্তের পর সন্ধ্যায় পরীক্ষার উত্তরপত্রে লেখা শুরু করবেন তারা। রাত ১০টায় শেষ হবে তাদের পরীক্ষা। তারপর তারা বের হবেন কেন্দ্র থেকে। অর্থাৎ এবারের এইচএসসি পরীক্ষায় খ্রিস্টান ধর্মাবলম্বী পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে থাকতে হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা।
তবে বোর্ডের নিয়মানুযায়ী, শনিবার সকাল ১০টা থেকেই সবাই যেহেতু পরীক্ষায় অংশ নেবেন, তাই এই দুই পরীক্ষার্থীকেও যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নফাঁস এড়াতে দিনভর তাদেরকে কেন্দ্রেই বসে থাকতে হবে। তারপর ধর্মীয় অনুশাসন মেনে তারা সন্ধ্যার পর পরীক্ষার টেবিলে বসবেন। এবার সারাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বী মোট ১৬০ জন এইচএসসি পরীক্ষার্থীই এই নিয়মে পরীক্ষা দেবেন বলে জানা গেছে।
আর শুধু এক শনিবার নয়, পরীক্ষা চলাকালে ছয়টি শনিবারই তাদের এই রুটিন অনুসরণ করতে হবে।
বোর্ড সূত্র অনুযায়ী, এবার আগামীকাল শনিবার ৪ জুলাই হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক), ১৮ জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫ জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র, ১ আগস্ট মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ও কৃষি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং ৮ আগস্ট ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্র।
সাধারণত বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবার সাপ্তাহিক ছুটি থাকে এবং এই দিনে এইচএসসি বা সমমানের বড় কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না। এবারই প্রথম শনিবার পরীক্ষার দিন ধার্য রাখা হলো।
এ ব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বললেন,‘দুই বছরে শিক্ষাবর্ষ শেষ করতে সরকার এবার শনিবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যাতে পরবর্তী সেশনের পরীক্ষা আরও এগিয়ে আনা যায়।এই পরীক্ষার্থীরা সকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে হলে প্রবেশ করে একটা কক্ষে অবস্থান করবে। সূর্যাস্তের সময় অনুযায়ী তাদের পরীক্ষা নেওয়া হবে।’
পূর্বতারা/ইউডি