চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বাসচাপায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বায়েজিদ ট্যানারি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হোসনে আরা। এ ঘটনায় রিনা দেবী নামে অপর এক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা ট্রাক চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে হোসনে আরা, রিনা দেবীসহ কয়েকজন গার্মেন্টস কর্মী ট্যানারি বটতল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি যাত্রীবাহী বাস ওই স্টপেজে দাঁড়ানোর উদ্দেশ্যে গতি কমায়। হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পোশাককর্মীদের চাপা দেয়। বাসটি সড়ক সংলগ্ন একটি দোকানের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে হোসনে আরা ও রিনা দেবী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, দুর্ঘটনায় এক পোশাক কর্মী নিহত হয়েছেন। থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বতারা/ইউডি