,

 

চকরিয়ায় ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 July 2026, 06:15

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. নুরুল ইসলাম (৫৩)।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুর রহিমের দীর্ঘদিন ধরে জায়গাজমির ভাগ–বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। নুরুল ইসলামের পুরোনো বসতভিটা দক্ষিণপাড়া এলাকায় হলেও তিনি বর্তমানে পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে পুরোনো বসতভিটায় গাছ কাটছিলেন আবদুর রহিম। খবর পেয়ে সেখানে যান নুরুল ইসলাম। এ সময় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরুল ইসলামও দুটি গাছ কাটেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহিম ও তাঁর পরিবারের সদস্যরা নুরুল ইসলামের ওপর হামলা চালান। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, জায়গাজমি ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল ইসলাম নিহত হয়েছেন। তাঁর পিঠ, পা ও গলার নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বতারা/ইউডি

ভিডিও