,

 

কাপ্তাই হ্রদে জেগেছে বিস্তীর্ণ চর, ব্যাহত নৌযান চলাচল-বিদ্যুৎ উৎপাদন

অনলাইন ডেস্ক

প্রকাশ : 3 July 2026, 11:54

বর্ষা মৌসুম চললেও রাঙামাটির কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে কমে গেছে পানির স্তর। ফলে হ্রদের বিভিন্ন স্থানে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। এতে নাব্য সংকট দেখা দেওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্গম কয়েকটি উপজেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি বাড়ছে। একই সঙ্গে পানি সংকটে কমেছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

স্থানীয়রা জানান, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে বড় বড় চর জেগে উঠেছে। এতে রাঙামাটির বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। অনেক এলাকায় নৌকা ও লঞ্চ চলাচলও কঠিন হয়ে পড়েছে।

নাব্য সংকটের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। ব্যবসায়ীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এদিকে পানি কমে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। বাকি তিনটি ইউনিটে উৎপাদন হচ্ছে মাত্র ৯৪ মেগাওয়াট বিদ্যুৎ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদে বছরের পর বছর পলি জমে যাওয়ায় পানি ধারণক্ষমতা কমে গেছে। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে পলি অপসারণ করা গেলে নৌ-চলাচলের সমস্যা দূর হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানি সংরক্ষণও সম্ভব হবে।

ভিডিও