,

 

সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু হলে ১০০ কোটি টাকা অনুদানের ঘোষণা প্রবাসীর

সন্দ্বীপ প্রতিনিধি

প্রকাশ : 3 July 2026, 04:30

দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। স্পিডবোট বা বিভিন্ন নৌযানে করেই সন্দ্বীপবাসীকে মূল ভূখন্ডের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এমন অবস্থায় উন্নত সড়ক যোগাযোগের জন্য সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু এখন সময়ের দাবী।

সরকারের পক্ষ থেকে সন্দ্বীপ চট্টগ্রাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলে তা হবে যুগান্তকারী একটি পদক্ষেপ।সরকার যদি এমন উদ্যোগ গ্রহণ করে তাহলে ব্যক্তিগত পক্ষ থেকে ১০০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন দুবাই প্রবাসী এক সন্দ্বীপবাসী। কুদরতুল মাওলা জোয়ান নামের এই প্রবাসী ব্যবসায়ী সন্দ্বীপের জন্য কিছু করতে চান।

শুক্রবার ৩ জুলাই সকালে সন্দ্বীপ ফেরিঘাটে সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই প্রতিশ্রুতি দেন।

মানববন্ধনে তিনি বলেন, সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধারা বিগত ৪৫ বছর ধরে বাংলাদেশের উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে। তার সাথে আমিও একজন রেমিটেন্স যোদ্ধা। আমি বিগত সময়েও সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে বলেছি, যদি এই সেতু বাস্তবায়িত হয় তাহলে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ১০০ কোটি টাকা অনুদান দেব।

অনুষ্ঠানে সেতু বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্বতারা/ইউডি/আর ইউ

ভিডিও