ঈদে গাদির ও হজরত ইমাম আলীর অভিষেক দিবস উপলক্ষে চট্টগ্রামে প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন ইমামিয়া ইসনে আশারিয়া (শিয়া) অনুসারীরা।
শুক্রবার বাদ জুমা নগরের সদরঘাট ইমামবাড়া থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা পিকআপ ভ্যানে করে মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। এসময় ঈদে গাদিরের তাৎপর্য তুলে ধরে আলোচনা, নাত ও গজল পরিবেশন করা হয়।
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা সদরঘাট থেকে টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ওয়্যারলেসসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, ইসলামের ইতিহাসে ঈদে গাদির একটি গুরুত্বপূর্ণ দিন। ১০ হিজরির ১৮ জিলহজ বিদায় হজ শেষে গাদিরে খুম নামক স্থানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর বিশাল সমাবেশে হজরত আলী (আ.)-কে নিজের উত্তরসূরি ও নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন । এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর ১৮ জিলহজ ‘ঈদে গাদির’ হিসেবে পালন করা হয়।
চট্টগ্রাম সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মওলানা আমজাদ হোসেন বলেন, “ঈদে গাদির মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।ঈদে গাদিরের আনন্দ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে এবং ইসলামের মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে আমরা এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।”
কর্মসূচিতে ইমামিয়া ইসনে আশারিয়া সম্প্রদায়ের অনুসারীরা অংশ নেন।
পূর্বতারা/ইউডি