চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরিন হীমা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই ব্যাপারে চট্টগ্রাম আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার ডেভিড ইমনকে বিকাল ৪টার দিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ফটিকছড়ি থানার একটি হত্যা ও দুটি অস্ত্র মামলাসহ বায়েজিদ থানার একটি, মোট চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই সঙ্গে তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর তিনজনকেও কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈয়শাতুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামীম (২৮), ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাবাগ পোস্তগোলা এলাকার মো. জাফরের ছেলে আল ইসলাম আলিফ প্রকাশ তমাল (২৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাহারপাড় এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সাফায়েত হোসেন (২৪)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ভারপ্রাপ্ত (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, বায়েজিদ বোস্তামী থানাসহ বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হবে। আগামী সোমবার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জমা দেবেন।
এর আগে গত ২৯ জুলাই ভোরে ভারতে পালানো সময় যশোর থেকে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
পূর্বতারা/ইউডি