চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলায় পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উদ্ধারকৃত তিনটি লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল বাজারসংলগ্ন এলাকা থেকে মো. শফি (৬৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা এবং গত এক বছর ধরে চারা বটতল বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
অন্যদিকে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফটিকা ইউনিয়নের কামালপাড়া এলাকায় একটি ভাড়া বাসার ছাদ থেকে মো. আলী আকবর (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আলী আকবর রাঙ্গুনিয়ার দক্ষিণ ঘাগড়া খিলমোগল বাদামতল এলাকার বাসিন্দা এবং ছিদ্দিক আহমদের পুত্র।
জানা যায়, চার মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন এবং স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননীকে বিয়ে করে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। পুলিশ জানায়, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড— তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় আসরাত জাহান (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।