,

 

হাটহাজারীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গাড়িতে দুর্বৃত্তের গুলি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 July 2026, 12:07

চট্টগ্রামের হাটহাজারীতে এস এম শহীদুল্লাহ নামে এক ইটভাটা ব্যবসায়ীকে লক্ষ্য করে তার চলন্ত গাড়িতে পাথর নিক্ষেপ ও গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এস এম শহীদুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে একাধিক ইটভাটা রয়েছে তাঁর।

পুলিশ সূত্রে জানা গেছে, এস এম শহীদুল্লাহ চট্টগ্রাম নগরে নিজের ব্যবসায়িক কাজ শেষে একটি এসইউভি (জিপ) নিয়ে বাড়িতে ফিরছিলেন। গাড়িটি তিনি নিজে চালাচ্ছিলেন। ইছাপুর বাজারের চারা বটতল এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা প্রথমে চলন্ত গাড়িটিতে ইটপাটকেল ছুড়ে আটকানোর চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে তারা। তবে এতে গাড়িতে থাকা শহীদুল্লাহ অক্ষত রয়েছেন।

এস এম শহীদুল্লাহ বলেন, ‘আমার ওপর সম্প্রতি আরও কয়েকবার হামলা করেছে সন্ত্রাসীরা। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে তারা আমাকে টার্গেট করেছে। সন্ত্রাসীরা এর আগে আমার বাড়িঘরেও হামলা করেছে।’

জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও