,

 

কক্সবাজারে সুইমিং পুলে সাঁতারে নেমে পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 5 August 2026, 06:20

কক্সবাজারের উখিয়ার একটি হোটেলের সুইমিং পুলে সাঁতারে নেমে মিরাজ আহমদ (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ইনানী সৈকতে ‘হোটেল বে-ওয়াচ’র সুইমিং পুলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মিরাজ আহমদের বাড়ি মুন্সিগঞ্জে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী-সন্তানসহ দুই দিনের ভ্রমণে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। এরপর তাঁরা ইনানীর বে–ওয়াচ হোটেলে ওঠেন। গতকাল বেলা তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুইমিং পুলে গোসল করতে নামেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন মিরাজ আহমদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ বিষয়ে উখিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও