চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
সিএমপির সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে এবং বিভিন্ন মামলার আসামি শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যে জানা গেছে, শাহীন বিভিন্ন মামলার আসামি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পূর্বতারা/ইউডি