,

 

রাতে বয়লার চালুর সম্ভাবনা, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়বে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 5 August 2026, 07:05

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের মধ্যে আশার কথা জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। বুধবার (৫ আগস্ট) রাতে মহেশখালীতে এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার চালু হতে পারে বলে জানিয়েছেন কেজিডিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন। এটি চালু হলে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ ২০০ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়ন ঘনফুটে পৌছাবে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম নিউ মার্কেট রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রকৌশলী সালাহউদ্দিন বলেন, আমাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেটি মেরামতে দেশি ও বিদেশি প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করছেন। আশা করছি, আজ রাতেই কিছুটা অগ্রগতি হবে। বর্তমানে আমরা প্রায় সাড়ে ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাস কম পাচ্ছি। এফএসআরইউতে দুটি বয়লার রয়েছে। এর মধ্যে একটি আজ রাত থেকেই চালু হতে পারে।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

পূর্বতারা/ইউডি

ভিডিও