চট্টগ্রামে সাড়ম্বরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভুত্থান দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সরকারি সংস্থা-প্রতিষ্ঠান, বিএনপি,জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানামুখী কর্মসূচি পালন করা হয়েছে। স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদদের কবর জেয়ারত করেছেন মন্ত্রী,সাংসদ, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বুধবার (৫ আগস্ট) নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, সাংসদ আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে সরকার সব সংস্কার করছে। সংবিধানেও তার প্রতিফলন থাকছে। সংবিধান সংশোধনের যাত্রা শুরু হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের শহীদেরা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে যে চেতনা ও আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, তা আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারের পক্ষ থেকে জুলাই শহীদদের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। গত সপ্তাহে তাদেরকে ডাকা হয়েছিল। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজখবর রাখা হচ্ছে।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত মামলাগুলোর প্রায় ৩০ শতাংশ চার্জশিট দেয়ার অবস্থায় রয়েছে। তাছাড়া কিছু মামলা যাচাই বাছাই চলছে। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনবান্ধব পুলিশিং জোরদার করতে হবে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ তার অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম লালদিঘী ময়দানে গণভোজের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাধারণ শ্রমজীবী, বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ হাজারো মানুষকে একবেলা খাবারের আয়োজন করেছে সংগঠনটি।
গণভোজ নিয়ে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা লালদিঘী ময়দানে পাঁচ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমাদের আয়োজন।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পার্বত্য চট্টগ্রামে স্বাড়ম্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
দৈনিক পূর্বতারা’র প্রতিনিধিদের পাঠানো সংবাদ অনুযায়ী, চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, র্যালি ও নানা কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ সংসদীয় আসনের সাংসদ জনাব সারোয়ার আলমগীর এবং সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খাগড়াছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধারা, জেলা পুলিশের সদস্যরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন।
পূর্বতারা/ইউডি