চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবুল খায়ের স্টিল মিলস্ (একেএস) চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লরির সামনের অংশের ইঞ্জিনের পাওয়ার একেবারে পুড়ে যায় এবং প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় সলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালুশাহ নগরের ওভার ব্রিজ এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
বার আওলিয়া হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. আরিফুল আমিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লরির ইঞ্জিনের পাওয়ার আগুন লেগেছে। কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট থাকে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
আবুল খায়ের স্টিল মিলসের ডেপুটি জেনেরাল ম্যানেজার মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, কী কারণে আগুন লেগেছে তা জানি না। তা তদন্ত করে দেখা হচ্ছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।