কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদে গিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়ার ১৭ বাসিন্দাকে আসামি করা হয়েছে।
বন বিভাগ জানায়, এর আগে সোমবার সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে।
বন বিভাগের অভিযোগ, সংরক্ষিত বন দখল করে তৈরি করা অবৈধ পানের বরজ উচ্ছেদে গেলে দখলদাররা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং জরুরি প্রতিক্রিয়া দলের (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হন।
এ সময় অভিযানে ব্যবহৃত সরকারি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে বন বিভাগ। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।