চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর দক্ষিণপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে জাহেদুল ইসলাম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে দোহাজারী পৌরসভার চাগাচর দক্ষিণপাড়ার একটি দোকানে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদুল ইসলাম মালামাল কিনতে ওই দোকানে গেলে দোকানদার আরমান (২০)-এর সঙ্গে মালামাল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে আরমানের বাবা মাহমুদুল হক ঘটনাস্থলে এসে ছেলের যোগ দেন। অভিযোগ রয়েছে, তিনি দোকান থেকে একটি ছুরি এনে জাহেদুল ইসলামের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় জাহেদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, “বিনা কারণে আমার ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “ঘটনার বিষয়টি জেনেছি। আহত ব্যক্তির চিকিৎসা শেষে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পূর্বতারা/ইউডি/এল এইচ