0
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (একনলা) বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বন্দর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (২৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. মিজানুর রহমান ওরফে বাবুল (৫২) এবং মো. শহিদুল আলম ওরফে সোহাগ (৪৭)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, সাতকানিয়া উপজেলার একটি অজ্ঞাত স্থান থেকে তারা অস্ত্রটি সংগ্রহ করে নগরে নিয়ে এসেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।