,

 

মায়ের গায়ে হাত, মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 3 July 2026, 07:21

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৃদ্ধা মাকে নির্যাতন এবং নিজের মেয়ের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মো. কামাল উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে দণ্ড দেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত কামাল উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিশেষ করে তাঁর ৮০ বছর বয়সী মাকে মারধর করে মাটিতে ফেলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি নেশার ঘোরে নিজের মাতৃহীনা মেয়ের সঙ্গেও অশোভন আচরণ করতেন। এতে মেয়েটির স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

অভিযানের সময় বৃদ্ধা মা ও মেয়ে দীর্ঘদিনের নির্যাতনের বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে ধরেন। এ সময় কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক, জুয়া ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পূর্বতারা/ইউডি

ভিডিও