Monday, 29 June 2026

খাগড়াছড়িতে বার্মিজ অজগর উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 29 June 2026, 01:04

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় প্রায় ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকার একটি জমির পানি নিষ্কাশনের নালায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া সাপটি উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকৃত অজগরটি পরে মেরুং রেঞ্জের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ ও পরিবেশকর্মীরা বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে তাদের ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন।

পূর্বতারা/ইউডি/এইচএম

ভিডিও