Monday, 29 June 2026

ক্রিকেটার নাঈমকে হেনস্তা : দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 29 June 2026, 12:30

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যকে দায়ী করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, এ ঘটনায় দোষীদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। আগে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

এর আগে, গত ১২ জুন রাতে নাঈম হাসান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে চট্টগ্রামে ফেরার পর সিএনজি থামিয়ে তাঁর ব্যাগ তল্লাশি করেন ডিবি পরিচয়ধারী কতিপয় ব্যক্তি। পরে তাঁকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে আসা হয়। থানায় এনে তাকে শারীরিক হেনস্তা করা হয়। এসময় তিনি বারবার ক্রিকেটার নাঈম হাসান পরিচয় দিলেও লাভ হয়নি। পুলিশ এরপরও মেরেছে বলে অভিযোগ করেন নাঈম। ওইদিন রাতেই বিসিবি কর্মকর্তাদের মধ্যস্থতায় থানা থেকে ছাড়া পান তিনি।

দায়িত্ব পালনে অপেশাদার আচরণের অভিযোগ পাওয়ায় থানার এক উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্যকে প্রথমে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়। এ ছাড়া ঘটনার পরদিন দিবাগত মধ্যরাতে খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

একই ঘটনায় আটক পুলিশের তথাকথিত সোর্স সোহেল হোসেন সরকারকে ২০২৪ সালে অভ্যুত্থানের সময় পুলিশ লাইনসে হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ঘটনার পরপরই পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে।

পূর্বতারা/ইউডি

ভিডিও