চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় সংঘটিত আলোচিত পলাশ হত্যা মামলায় দীর্ঘ ১৬ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদুল হাসান ওরফে সোহেল এবং আইয়ুব আলী ওরফে বাবুল। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে পলাশ হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে এ দণ্ড দেন।
মামলার নথি অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে মো. পলাশকে নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করা হয়। পরদিন ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১২ সালের ১২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায় ঘোষণা করা হলো।
পূর্বতারা/ইউডি