চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সোমবার পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মাহে আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল এবং দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি) নামে এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল, আটটি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়।