চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমল মুন্সির হাট এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন পটিয়া উপজেলার এলাহাবাদ এলাকার সালামতের ছেলে আলম শের (৫০), বান্দরবান জেলার মেম্বারপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আবিদ হাসান ফাহিম (৩২), চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার আহমদ হোসেনের ছেলে রোকন (৪২) এবং একই উপজেলার পলাশপাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে বাবুল (৫০)।
দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাদী সাজ্জাদ জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বতারা/ইউডি/আইএইচ