,

 

দুই কোটি টাকার ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 24 July 2026, 05:07

চট্টগ্রামে সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান ভাড়া নিয়ে আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ হওয়া একটি কাভার্ডভ্যানও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল উদ্দিন আহমেদ চৌধুরী একসময় চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ৬টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গেল ১২ মে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, আত্মসাৎ হওয়া ৬টি কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিম বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আত্মসাৎ হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বতারা/ইউডি

ভিডিও