টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৪ জুলাই) নগরীর চকবাজার, বহদ্দারহাটসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র কয়েক দিন আগেও এসব সবজির দাম ছিল কেজিতে ২০ থেকে ৪০ টাকা কম।
এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। এ ছাড়া মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কয়েক দিন আগেও ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন সাধারণ মানে ২৪০-৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে তুলনামূলকভাবে পেঁপের দাম কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গাজরের দাম ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা কেজি।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের দোহাজারী, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, রাউজান, পটিয়া, বোয়ালখালী, ফটিকছড়ি, নাজিরহাটসহ পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সবজির খেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা যাচ্ছে না। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার সবজি ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজির খেত পানিতে তলিয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে, তাই দামও বেড়েছে।
চকবাজার খালপাড়ের ব্যবসায়ী বাবুল বলেন, আড়তে গিয়ে পর্যাপ্ত সবজি পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যায়, তা আগের তুলনায় অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে, চকবাজারের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছি, এখন সেটির দাম ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।