,

 

কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 23 July 2026, 08:13

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাজারে আনার পর থেকেই মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। পাশাপাশি বড় এই মাছটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা।

বাজারে মাছটি আনার পর শুরু হয় দর-কষাকষি। অনেকে শুধু দেখতেই ভিড় করলেও কেউ কেউ কিনতে আগ্রহ প্রকাশ করেন। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ বিক্রির জন্য অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাছটির আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়ে এই বিশাল কোরাল মাছটি। দুই দিন আগে মাছ ঘাটের মাধ্যমে খবর পেয়ে তিনি এটি কেনার উদ্যোগ নেন।

তিনি বলেন, “মাছটি কিনতে আমার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। চট্টগ্রামে আনার জন্য পরিবহন খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা।”

আনোয়ার হোসেন জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার পর্যন্ত অগ্রিম বুকিং নেওয়া হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে এত বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। মাঝে মাঝে কাজীর দেউড়ি বাজারে বড় কোরাল এলেও ১৫৫ কেজি ওজনের মাছ সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটিকে ঘিরে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভিডিও