,

 

চন্দনাইশে দুর্বৃত্তের আগুনে পুড়ল অবলা পশু

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশ : 24 July 2026, 06:19

চট্টগ্রামের চন্দনাইশে একটি গোয়ালঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে ৭টি গরু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ লায়লা বাপের বাড়ি মোঃ মোস্তাক মিয়ার গোয়ালঘরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত মো. মোস্তাক মিয়া।

ক্ষতিগ্রস্ত মোঃ মোস্তাক মিয়া বলেন, ‘তাঁর গোয়াল ঘরে মোট সাতটি গরু ছিল। প্রতিদিনের মতো তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে যান। রাত একটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় দরজা খুলে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময়ের মধ্যে ৭টি গরু পুড়ে যায়। ঘটনাস্থলে ১টি গরু মারা যায়। বাকি ৬টি গরুগুলো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাকিগুলোর চিকিৎসা চলছে। গোয়াল ঘর ও গরু পুড়ে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। পূর্বশত্রুতার জের ধরে কেউ গোয়ালঘরে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন তিনি। তিনি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো ক্রয় করে লালন পালন করছিলেন।

স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত ঘটনা। পূর্বশত্রুতার জেরে গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বতারা/ইউডি/এল

ভিডিও