চট্টগ্রাম নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগ তুলে এক যুবককে বৈদ্যুতিক শক ও মারধর করে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২২ জুন) নগরের কোতোয়ালী থানায় নিহত মো. জয়নাল হত্যার ঘটনায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামিরা হলেন স্কুলের দপ্তরি সমির দাশ, দারোয়ান মো. আজাদ, মালি জিগার দাশ এবং মো. জাফর। এর মধ্যে সমির দাশ ও মো. আজাদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
কোর্ট পুলিশের এসআই মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের মামলায় আদালতে হাজির করা হলে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চুরির অভিযোগে জয়নালকে আটক করে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরের পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্কুলের গেটের বাইরে ফেলে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পানি চাওয়ার পরও তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে তিনি মারা যান।