চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দক্ষিণ এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে এনসিটি দক্ষিণ এলাকার ১৪ নম্বর বার্থে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বিকাল সোয়া ৩ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, বর্তমানে বন্দরের ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর জেটি আবার স্বাভাবিক হয়েছে। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য অনুসন্ধান শেষে জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় চীন থেকে আমদানিকৃত পণ্যভর্তি একটি কন্টেইনার পুড়ে গেছে। কন্টেইনারটি বিশ্বের শীর্ষ শিপিং লাইন মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি)। কন্টেইনারে শার্প ব্র্যান্ডের ফ্রিজে ভর্তি ছিল। কন্টেইনারটি ২০২৫ সালের ২৬ এপ্রিল বন্দরে এসেছে। ডেলিভারি না নেওয়ায় কাস্টমস কতৃর্পক্ষ সেটি নিলামে তুলেছে। তবে নিলামে বিক্রির আগেই সেটি আগুনে পুড়ে গেল।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি প্রায় এক কিলোমিটার লম্বা। এই টার্মিনালে একসঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। এটিতে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। ২০০৭ সালে ৭০০ কোটি টাকা খরচ করে এনসিটি টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। পরে প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে ১৪টি গ্যান্ট্রিক্রেনসহ আধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে।
পূর্বতারা/ইউডি