চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেলে কয়েকজন নেতাকর্মী শোডাউন করছেন এমনটা দেখা গেছে।
সোমবার ছড়িয়ে পড়া ভিডিওতে আশপাশে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি দিনের প্রথম ভাগে ধারণ করা হয়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, যার মধ্যে রয়েছে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনের নেতৃত্ব দিতে ও বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, ৫ আগস্টের সময় ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা ফিরে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই ‘মিনি ক্যান্টনমেন্ট’ বা ‘আতুড়ঘর’ হতে দেওয়া হবে না।
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন গণমাধ্যমকে বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তবে এটি কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করা হচ্ছে এবং সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।